Image description

দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা পাওনা বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

 

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্যপ্রযুক্তি মন্ত্রী এ তথ্য জানান। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী অপারেটরগুলোর বকেয়ার বিস্তারিত হিসাব তুলে ধরেন।

 

সংসদে মন্ত্রী জানান, লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, তরঙ্গ ফি, জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের কাছে বকেয়া ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। টেলিটক কর্তৃক ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের আবেদন অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।

 

গ্রামীণফোনের বকেয়া সম্পর্কে তিনি জানান, গ্রামীণফোনের কাছে সরকারের বকেয়া সবচেয়ে বেশি, যার পরিমাণ ৬ হাজার ১০২ কোটি টাকা। ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি এবং ভ্যাট-সংক্রান্ত বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এই পাওনা তৈরি হয়েছে। বর্তমানে এই সংক্রান্ত মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

 

 

রবির বিষয়ে তিনি জানান, বেসরকারি অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কাছে সরকারের পাওনা ৬১৫ কোটি টাকা। এর মধ্যে অডিট আপত্তিজনিত দাবি এবং রেভিনিউ শেয়ারিং-সংক্রান্ত পাওনা অন্তর্ভুক্ত রয়েছে। এই পাওনা আদায়ের বিষয়টিও বর্তমানে আদালতে বিচারাধীন।

 

বাংলালিংকের বিষয়ে মন্ত্রী জানান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে ৪৭৩ কোটি টাকা। অডিট আপত্তি ও রেভিনিউ শেয়ারিং-সংক্রান্ত বিভিন্ন দাবির কারণে এই অর্থ পাওনা হয়েছে বলে সংসদে জানানো হয়।