যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করেছে।
বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এতে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০১-১৫০০ ব্যান্ডে অবস্থান করলেও এবার ৪০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে এই র্যাংকিং প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এবারের র্যাংকিংয়ে বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (SDGs) ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উল্লেখযোগ্য অগ্রগতি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ এবং সমাজকল্যাণে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।