Image description

অফিস চলাকালীন কোনো প্রকার ছুটি ছাড়াই যুবদলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী মাসুদ রানা। তিনি প্রকৌশল শাখায় প্লাম্বার হিসেবে কর্মরত। মঙ্গলবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড়ে মাসুদ রানাকে যুবদলের বিক্ষোভে সামনে থেকে স্লোগান দিতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। এ কর্মসূচি পালন করতে কান্দিরপাড় মোড়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এ বিক্ষোভে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাসুদ রানা (প্লাম্বার মাসুদ) সামনে থেকে স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোনো প্রকার ছুটি নেননি। অফিস চলাকালে বিশ্ববিদ্যালয় কর্মচারীর এভাবে রাজনৈতিক কার্যক্রম সরাসরি অংশগ্রহণে অনেকই বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

অভিযুক্ত মাসুদ আলম বলেন, আমি একটা ব্যক্তিগত কাজে কুমিল্লা কান্দিরপাড় গিয়েছিলাম । এমন সময় মিছিল দেখে মিছিলে অংশগ্রহণ করেছি ।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুরুল করিম চৌধুরী বলেন, কোনো সরকারি কর্মকর্তা অফিস চলাকালীন সময়ে মিছিলে অংশগ্রহণ করতে পারে না । আমি তদন্ত করে প্রমাণ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, উনি ছুটি নিয়ে গিয়েছেন কি না এ বিষয়ে জানতে আপনি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলুন । অফিস চলাকালীন সময়ে কেউ মিছিলে অংশগ্রহণ করতে পারে না।