ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল গ্রামে সীমানা নির্ধারণের বেড়া (ব্যারিকেড) নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেশের একজন প্রখ্যাত আলেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
রোববার সকালে উপজেলার কালিবাজাইল গ্রামের আনন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলেম হলেন মাওলানা ক্বারী মো. আবু রায়হান (৬৪)। তিনি ঢাকার লালবাড়ি মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং কালিবাজাইল গ্রামের মরহুম মাওলানা ছোহরাব আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয়কে কেন্দ্র করে কয়েকজন প্রতিবেশী ঘটনাস্থলে এসে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে মাওলানা আবু রায়হান তাদের এমন আচরণে আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, এ সময় অভিযুক্ত মোশাররফ হোসেন লোহার রড দিয়ে মাওলানা আবু রায়হানের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে আহত আলেমের বড় ভাই আবু সাঈদ জানান, হামলার পর থেকে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিপক্ষরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় আহত আলেমের ছেলে কাউছার জামিল বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদ হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”