চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তে অনুপ্রবেশ করা এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ফিরিয়ে নেওয়ার জন্য যোগাযোগ করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে। তবে বিএসএফ কোনো সাড়া না দেওয়ায় শ্রীজিব কুমার সিং নামে ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
মঙ্গলবার (২৩ জুন) তাকে অবৈধ অনুপ্রবেশের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।
নুরে আলম জানান, বিজিবির করা মামলায় ওই ভারতীয় নাগরিকের নাম-ঠিকানা উল্লেখ রয়েছে। প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সীমান্ত সূত্র জানায়, শ্রীজিব কুমার সিং নামে ওই ভারতীয় নাগরিক বিহার রাজ্যের মধুপুরা জেলার উধা কিশানগঞ্জ থানার সাহাপুর গ্রামের মৃত অরবিন্দ প্রসাদ সিংয়ের ছেলে। তার দুই হাতের কবজি নেই। তিনি সীমান্তবর্তী এলাকায় ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রীজিব কুমার সিং জানান, তিনি কয়েক দিন আগে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। বাংলা বলতে না পারায় হিন্দি ভাষায় নিজের নাম ও বিহারের ঠিকানা উল্লেখ করেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তসংলগ্ন এলাকায় শ্রীজিব কুমার সিংকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। গত সোমবার বিকেলে রাধানগর ইউনিয়নের টমপাড়া মোড় এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে জানান। খবর পেয়ে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।
বিজিবি সূত্র জানায়, আটকের পর মানবিক কারণে এবং নিয়মানুযায়ী ওই ব্যক্তিকে ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু বিএসএফ তাকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে কোনো সাড়া দেয়নি। এই পরিস্থিতিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ১৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের ফোনে কল দেওয়া হয়। তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বিজিবির বিভীষণ বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিএসএফ তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। সোমবার রাতে তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করা হয়েছে।