Image description

রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিক পেটানোকে জামায়াতে ইসলামীর স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তাঁরা সমাজের নানা ঘটনা জাতির সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের পেটানো একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ। জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে আজ যা ঘটেছে, তা জামায়াতের ভেতরে বিকশিত হতে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিকদের পেটানোর এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

বিবৃতিতে জানানো হয়, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া আহত হয়েছেন ‘দ্য নিউজ’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন। অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। শেখ ফজলুল করীম মারুফ আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, যারাই হামলার সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; এই ক্ষেত্রে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না। হামলায় যাদের সম্পৃক্ততা দেখা গেছে, তারা জামায়াতের নেতা-কর্মী বলেই অনুমান করা যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষা করছি।

বিবৃতিতে কর্মীবাহিনীর মানসিকতা গঠনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ‘সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবার ও প্রতিপক্ষকে দেখে নেওয়ার যে ভয়াবহ মানসিকতা জামায়াত কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে, তা উদ্বেগের বিষয়।’