Image description

একদিনের সরকারি সফরে কাল মঙ্গলবার (২৩ জুন) সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত জেলায় ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজারসহ ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন তিনি।

এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে একই মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেল ৫টা ৩০ মিনিটে সিলেট সদর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

সফরে মাজার ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি খাতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শীর্ষনিউজ