Image description

নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীও। বিশেষ করে শাহবাগ, প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই চরম নিরাপত্তাবলয়ের মধ্যে আজ রাতে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি টিএসসিতে বড় পর্দায় দেখা যাবে কিনা—তা নিয়ে সমর্থকদের মনে সংশয় দেখা দিয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এশিয়া পোস্টকে বলেন, ‘কোনো সংশয় ছাড়াই সমর্থক ও দর্শকরা টিএসসিতে খেলা দেখতে পারবেন। ক্যাম্পাসে বা এর আশপাশে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আমরা করছি না। তারপরও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি চালাচ্ছেন।’

 

এদিকে খেলা দেখার সার্বিক পরিবেশ ও ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় প্রক্টোরিয়াল টিম কাজ করছে। তাছাড়া ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরাও ক্যাম্পাসের অভ্যন্তরে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছি না। তবে কেউ যদি জনমনে আতঙ্ক তৈরি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’

 

 

 

এদিকে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। প্রথম ম্যাচে বড় জয় পেলেও আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার একাদশে অন্তত একটি পরিবর্তন আনতে পারেন কোচ।

 

আজকের প্রতিপক্ষ অস্ট্রিয়া মোটেও সহজ দল নয়। কোচ রালফ রাংনিকের এই দলটি তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। তারা মূলত হাই-প্রেসিং ফুটবল খেলে; দ্রুত চাপ সৃষ্টি করে সরাসরি আক্রমণে যায় এবং বল হারানোর পর প্রতিপক্ষকে চেপে ধরে। স্বয়ং স্কালোনিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অস্ট্রিয়াকে বেশ কঠিন প্রতিপক্ষ হিসেবে মূল্যায়ন করেছেন।

 

আর্জেন্টিনার জন্য এই ম্যাচের গুরুত্ব অনেক। আজ জিতলে আলবিসেলেস্তেরা ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এর পথ অনেকটাই নিশ্চিত করে ফেলবে। এমনকি গ্রুপের অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে এলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে আজ পয়েন্ট হারালে নকআউট পর্বের সমীকরণ জটিল হয়ে যাবে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক); নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস; থিয়াগো আলমাদা/নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।