Image description

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লুটপাটের ঘটনায় আলোচিত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী এবং সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিজিৎ অধিকারী তীর্থকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুদকের মামলায় পৃথক দুটি ধারায় সোমবার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন।

 

দুটি ধারার সাজা একত্রে চলবে বিধায় আসামিকে পাঁচ বছর কারাভোগ করতে হবে। এর মধ্যে সম্পদের তথ্য গোপনের অপরাধে দুই বছর এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

কারাদণ্ডের পাশাপাশি তাকে এক কোটি ৩৫ লাখ পাঁচ হাজার ২৮৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

একই সঙ্গে জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে জানান, আসামি মামলার শুরু থেকেই পলাতক ছিলেন।

আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৬ মার্চ দুদকের সহকারী পরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন। এতে তার বিরুদ্ধে এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ ভোগদখলের অভিযোগ আনা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়।

তদন্ত শেষে ২০২৪ সালের ৫ মে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে এক কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০২৫ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন।