অব্যাহত বৃষ্টি ও উজানে ভারতের পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২২ জুন) পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণের জন্য জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। প্রবল স্রোতের কারণে সেখানে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীতে এখনো স্রোত রয়েছে। তাই পর্যটকবাহী নৌকা চলাচল এবং ভ্রমণকালে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।