বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ স্থানান্তর করা হয়েছে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার (২১ জুন) জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে মহিষটি বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির পরিচর্যা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি ১৩ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব।
ড. গৌতম কুমার দেব জানান, অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে মহিষটি বিশেষ আকর্ষণীয়। এর জাত উন্নয়ন ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যেই এটিকে এখানে আনা হয়েছে। বর্তমানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং মহিষটি সুস্থ রয়েছে।
গত ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য বাজারে আনা হলে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি ব্যাপক আলোচনায় আসে। গোলাপি আভাযুক্ত বিরল এই অ্যালবিনো ষাঁড় মহিষটি লালন-পালন করেন নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা।
পরে রাজধানীর জিঞ্জিরা এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি কিনে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর সরকারের নির্দেশে ঈদের আগেই মহিষটিকে জিম্মায় নিয়ে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়।
বর্তমানে গবেষণার অংশ হিসেবে মহিষটি বিএলআরআইয়ে রাখা হয়েছে এবং ভবিষ্যতে এর জাত উন্নয়ন নিয়ে কাজ করা হবে।
শীর্ষনিউজ