আবারও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ফিরতে পারেন দলটি থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে তিনি বিষয়টি গণমাধ্যমে আনতে চান না বলে একটি সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) এনসিপির শীর্ষ পর্যায়ে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনি ঐক্যের কারণে মতভেদ থেকে তিনি দলটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি ঢাকা-১৭ আসন থেকে দলটির মনোনীত এমপি প্রার্থী ছিলেন। অবশ্য পরে আর নির্বাচনে অংশগ্রহণ করেননি। মাঝে দীর্ঘ দিন রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন।
তবে গত ৬ মার্চ রাতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি (অল্টারনেটিভস) এর ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে স্থান পান তিনি।
সম্প্রতি আবারও এনসিপিতে ফেরার গুঞ্জন শোনা বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। এ বিষয়ে দলের মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে বলে জানা গেছে।
জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক যুগ্ম আহ্বায়ক বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আমিও শুনেছি। তবে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
এ বিষয়ে নিজের অবস্থান জানতে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।