বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদেরকে আদালতে হাজির করে এ আবেদন করেন।
এদিন গ্রেপ্তার সংক্রান্ত শুনানিতে আদালতকে হাসানুল হক ইনু বলেন, আজ আমাদেরকে দীর্ঘ চার ঘণ্টা ধরে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি আদালতকে বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে আছি, এই আদালতে কোন বিচারক, কোন আইন কর্মকর্তা কি করতেছে তা একটা লাল খাতা ও সবুজ খাতায় সংরক্ষণ করে রাখছি।
ইনু আরও বলেন, বর্তমানে বিচার ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসেবে কাজ করছে।
এ সময় রাষ্ট্র পক্ষের আইনজীবী আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের কাছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন বলে জানান আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আগস্টের ৫ তারিখ মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।