Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোর (১৭) স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ জানায়, একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে—এমন অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডির ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে রোববার (২১ জুন) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এর আগে গত ১৯ জুন আখাউড়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন আখাউড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া। অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ।

 

 

 

অভিযোগে বলা হয়, অভিযুক্তের ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে, যা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।