সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে চার দিনে ১৭ লাখ ৪৯ হাজার টাকা এবং সাত আনা স্বর্ণালঙ্কার জমা পড়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে মাজারের ডেগ ও দানবাক্সের টাকা গণনা শেষ হয়।
এর আগে সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। একই সঙ্গে প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলো খুলে গত চার দিনে জমা হওয়া অর্থ গণনার কাজ শুরু হয়।
জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারে উপস্থিত হয়ে এসব কার্যক্রমের তদারকি করেন। এর আগে প্রশাসনের উদ্যোগে সিলগালা করা ডেগগুলো খুলে দেওয়া হয় এবং নতুনভাবে স্থাপন করা দানবাক্সগুলো খুলে হিসাব নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।
এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয় এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়।