সীমান্তে পুশ-ইনের ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার চারটি উপজেলাজুড়ে প্রায় ৮৭ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা। এই সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ও মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
গত ৩১ মে দর্শনা বাড়াদী সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় নিশ্চিতের পর পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে ও পরে সীমান্তে অনুপ্রবেশের একাধিক চেষ্টায় বাঁধা দেয় বিজিবি।
সবশেষ গত ১৪ জুন ভোরে দর্শনা জয়নগর-গেদে সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে স্থানীয় জনতা ও বিজিবির যৌথ তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।