বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন তার স্ত্রী লাবন্য আক্তার। ১২ বছর বয়সি শ্যালিকা প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হলে এ ঘটনায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে গত ১২ জুন শাহজাহানপুর থানায় মামলা করা হয়।
রোববার (১৪ জুন) শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জুন বিকেল ৩টার দিকে সুমন রেজার শ্যালিকা প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরদিন শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছেন।
কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, গত ১৫ মে সুমন রেজাসহ তিন কনস্টেবল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বগুড়া চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে যান। সেখানে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এপিবিএন সদস্য তানজিমকে ডেকে তার মোটরসাইকেলটি চোরাই বলে দাবি করেন এবং ডিবি অফিসে নেওয়ার কথা বলে চলে যান।
এ ঘটনায় তানজিম পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করলেও পরে লিখিত অভিযোগ না দেওয়ায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।