Image description

ফেনীর ফুলগাজীতে নিজের দুই মাসের সন্তানকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে মোঃ সুলতান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মা ও অভিযুক্তের স্ত্রী রুনা আক্তার এ অভিযোগ করেছেন।

নিহত শিশুটির নাম মোহাম্মদ জুনায়েদ। অভিযুক্ত মোঃ সুলতান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাত্রা ডাকঘর এলাকার কিতাব আলীর ছেলে।

পারিবারিক সূত্র‌‌ জানায়, দুই বছর আগে সুলতানের সঙ্গে বিয়ে হয়েছিল একই উপজেলার নৌকা বাহাড়তলা গ্রামের আবুল কাশেমের মেয়ে রুনা আক্তারের। বিয়ের পর থেকে তারা ফুলগাজীর ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনিতে ভাড়া থাকতেন। দুই মাস আগে একটি পুত্র সন্তান জন্ম দেন রুনা। নাম রাখা হয় মোঃ জুনায়েদ।

দিনমজুর সুলতান মাদকাসক্ত ছিলেন অভিযোগ করে তার স্ত্রী রুনা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় শিশু জুনায়েদের সঙ্গে ছিলেন সুলতান। শিশুটি বার বার কান্না করছিল। এক পর্যায়ে সুলতান বিরক্ত হয়ে মাটিতে আছাড় দেন ছেলে। ঘরে এসে রুনা দেখতে পান তার ছেলে মাটিতে ছটফট করছে, শ্বাসকষ্ট হচ্ছে তার। দ্রুত উদ্ধার করে প্রথমে মুন্সীর হাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রোকনুদ্দৌলা বলেছেন, এখানে আনার আগেই আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে।