Image description

মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর কাছে গাঁজা সরবরাহের চেষ্টা করতে গিয়ে দবির মোল্যা নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। দবির মোল্যা মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।

কারা সূত্রে জানা যায়, দবির মোল্যা তার স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন। তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষী তার জিন্স প্যান্টের পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, ঘটনাটি জানার পর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, তন্বী খাতুন মাদক সংক্রান্ত একটি মামলায় দুই দিন আগে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে, কারাগারে থেকেও মাদক সরবরাহ অব্যাহত রাখতে তিনি স্বামীর মাধ্যমে গাঁজা ভেতরে নেওয়ার চেষ্টা করেন।

জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেছেন যে, স্ত্রীর জন্যই তিনি গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা করেছিলেন।

এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শীর্ষনিউজ