Image description

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের খবরটি সঠিক নয়। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের বিষয়ে একটি ফোটো কার্ড ছড়িয়ে পড়ে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

 

ব্যাংকটির একাধিক দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করে বলেন, খুরশিদ আলমের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি। তিনি যথারীতি তার পদে বহাল আছেন।

 

ব্যাংক সূত্র আরও জানায়, বর্তমানে ইসলামী ব্যাংক সব ধরনের ব্যবসায়িক ও দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে চেষ্টা করছে। গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংকের আর্থিক ভিত শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক একযোগে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এর আগে গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তার আগে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন।

 

 

 

এদিকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগের খবরে তার পদত্যাগসহ ৭ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন করে ব্যাংকটির ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। এ ছাড়াও গত ৮ জুন দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর বুধবার (১০ জুন) রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শেষে আন্দোলনকারী গ্রাহকরা খুরশিদ আলমের পদত্যাগ, বর্তমান পর্ষদ পুনর্গঠন এবং অনিয়মের অভিযোগ তদন্তের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন।