Image description

নারী ও শিশু কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন মাকে মাসিক ৮৫০ টাকা হারে ভাতা দেওয়া হবে।

 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বাজেট পেশ করার সময় এ বিষয়ে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

শিশুদের পরিচর্যা ও কর্মজীবী অভিভাবকদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় নতুন ৬০টি আধুনিক শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ ছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়া হবে।

 

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগী নারীর সংখ্যা এক লাখ বাড়িয়ে ৩০ লাখে উন্নীত করা হবে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে মাসিক ৭০০ টাকা হারে ভাতা দেওয়া হবে।

 

এই বাজেটে অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর সংখ্যা সাড়ে তিন লাখ বাড়িয়ে ৩৮ লাখে এবং মাসিক ভাতার হার এক হাজার টাকায় উন্নীত করা, এক লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি/মেধাবৃত্তি প্রদান, অনগ্রসর জনগোষ্ঠীর দুই লাখ ২৮ হাজার ৩৯০ জনকে মাসিক ৬৫০ টাকা হারে ভাতা প্রদান; ৪৫ হাজার ৩৩৮ জন অনগ্রসর শিক্ষার্থীকে বৃত্তি/মেধাবৃত্তি দেওয়া।

 

এ ছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, হৃদরোগে আক্রান্ত ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬৫ হাজার রোগীকে আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এককালীন এক লাখ টাকায় উন্নীতকরণের কথা বলা হয়েছে।

 

বাজেটে ১৫ হাজার কর্মহীন শ্রমিককে মাসিক পাঁচ হাজার টাকা হারে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

 

সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

 

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।