Image description

ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন। আহতদের প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
 

বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে সাবেক ছাত্রদল নেতা জসিম পাটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দেন। তিনি প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করার মাধ্যমে চাল বিতরণের দাবি জানান।

 

একই সময়ে মলংছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম জেলেদের চাল বিতরণের অনুমতি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে যান। এ সময় জেলেদের তালিকা ও চাল বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

জসিম পাটোয়ারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, জেলেদের সরকারি চাল থেকে প্রায় ১০৪ জন কার্ডধারী জেলে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও তারা চাল পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম। তিনি বলেন, জসিম পাটোয়ারী ও সেলিম মেম্বার এর নেতৃত্ব আমার উপর হামলা করা হয়। এতে আমার হাতভেঙ্গে যায়।

 

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জেলেদের চাল বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।