দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে পুরোনো বাসগুলো পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দিয়ে প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়াতে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, পুরোনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দিয়ে প্রতিস্থাপন করা হবে।
অর্থমন্ত্রী জানান, আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় সরকার প্রযুক্তিনির্ভর ও টেকসই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে।
দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেটে পরিবহন খাতের আধুনিকায়নের বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি পুরোনো বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর এ উদ্যোগও তুলে ধরা হয়।