ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।
অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে মরদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলয়াত মোনাজাতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। বাজেটের ওপর সরকারি দল, বিরোধী দলসহ সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং তাদের মতামত তুলে ধরবেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে।
এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।