Image description

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ হাজি দেশে ফিরেছেন।

রোববার (৭ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ রোববার নয়টি ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করবেন আরও ৩ হাজার ৬৪৬ জন। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে ফ্লাইট সিডিউল অনুসারে দেশে ফিরবেন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ হজযাত্রী। গতকাল (শনিবার) পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ৫৮ হাজার ৪৯টি। এ ছাড়া সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন।

এদিকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজি। তারা তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হাজিরা। সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজিরা সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। মানুষকে সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শও দিয়েছেন দিয়েছেন তারা।

১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।