তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। আগামী ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতাকে আরও এগিয়ে নিতে আগ্রহী তারা। এরই অংশ হিসেবে ৭ থেকে ৯ জুন পর্যন্ত খলিলুর রহমানের মস্কো সফরের আয়োজন করা হয়েছে। তিন দিনের এই সফরে খলিলুরের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতায় রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গ বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে খলিলুর রহমানের গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানিয়েছে রাশিয়া।
এছাড়া বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়।