হবিগঞ্জের বাহুবলে হরিতলা ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিনগত রাতে উপজেলার চলিতাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তি হলেন, উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের সেলিম মিয়া (৪০)।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
তিনি জানান, হরিতলা ছড়ার সিলিকা বালুর মহাল এবার ইজারা দেওয়া হয়নি। তবে একটি চক্র প্রশাসনের নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টরের চালক সেলিমকে জরিমানা করা হয়।
ইউএনও উজ্জ্বলের ভাষ্য, জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে। হরিতলা ছড়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।