সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অমান্য করে দেশে আবারও প্রকাশ্য কার্যক্রম শুরু করেছে নিষিদ্ধ অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’ (Free Fire)। ইতোমধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে গেমটির বড় ইভেন্ট আয়োজনের জোর প্রস্তুতি চলছে।
জানা গেছে, শনিবার (৬ জুন) রাজধানীর একটি অভিজাত অডিটোরিয়ামে গেমটির একটি ‘অফিসিয়াল ইভেন্ট’ আয়োজন হতে যাচ্ছে। গত ২৬ মে ফ্রি ফায়ার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ইভেন্ট আয়োজনের ঘোষণা দেয়।
সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে সুপ্রিম কোর্টের রিট পিটিশন (৫৮৮৩/২০২১) অনুযায়ী গেমটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। ফ্রি ফায়ার কর্তৃপক্ষের আবেদন আদালত খারিজ করে দেওয়ায় এই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ফ্রি ফায়ার এমন ইভেন্ট আয়োজনের ঘোষণা দেয়।
গত বছরও ঠিক একইভাবে আইনি নিষেধাজ্ঞা অমান্য করে ফ্রি ফায়ার কর্তৃপক্ষ বাংলাদেশে ইভেন্ট আয়োজনের চেষ্টা করেছিল। তবে শেষ মুহূর্তে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ থেকে ৭০ লাখ শিশু-কিশোর ও তরুণ এই গেমটিতে আসক্ত। শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীরা একে ‘ডিজিটাল মাদক’ হিসেবে অভিহিত করেছেন।