Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার সার্ভিসের মালামাল রাখার জায়গায় আগুন লেগে সাধারণ মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এর আগে শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে ৯ নম্বর গেটের মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস, বিমান বাহিনীর চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক মাহমুদুল হাসান বলেন, বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন জায়গার একটি কন্টেইনার ও তার পাশ্ববর্তী জায়গায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের বিমানবন্দরের ফায়ার স্টেশন থেকে ১১টা ২৫ মিনিটে প্রথম দুটি ইউনিট পৌঁছায়। পরে উত্তরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট যায়।

তিনি বলেন, এ ছাড়া বিমানবন্দরের নিজস্ব ইউনিট এবং বিমান বাহিনীর বিমান ঘাটি থেকে অগ্নি নির্বাপণ ইউনিট এসে কাজ করে। সকলের সমন্বিত প্রচেষ্টায় ১১টা ৩৮ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং ১টা ৫ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতক্ষতির পরিমাণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণও নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত করে পরে বের করা সম্ভব হবে।

তিনি বলেন, এটি একটি কুরিয়ার সার্ভিসের মালামাল রাখার জায়গা ছিল। এখানে নরমাল (সাধারণ) যে মালামাল আসে, সেগুলোই ছিল।

এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীম সামাদ, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।