Image description

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

 

শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

 

পরবর্তীতে মিছিল ও বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতি জুন মাসেই চট্টগ্রামে বিভিন্ন এলাকায় প্রতিদিনই কোথাও না কোথাও মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। শুক্রবার দিনে মোট তিনটি মিছিলের খবর পাওয়া গেছে। এরমধ্যে ডিসি পার্ক এলাকায় একটি, দক্ষিণ জেলা ছাত্রলীগের একটি মিছিলও রয়েছে।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক ধরে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে ‘শিশুমৃত্যু ও শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার’ এবং ‘বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ লেখা ছিল। মিছিলটি আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

 

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন গত কয়েক দিনে নগরের বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল বের করেছে। চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এর আগের দিন নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় ভোরে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনার পর গত কয়েক দিনে নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে ফটিকছড়িতে কারানির্যাতিত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন হয়। সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

মিছিলের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকায় যুবলীগের মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। আইনভঙ্গকারী ও নিষিদ্ধ সংগঠনের এসব কর্মীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।