কক্সবাজারে উদ্ধার হওয়া তিনটি কামানের গোলা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বাংলাদেশ পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (৪ জুন) বিশেষ প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ জানায়, গত ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. নুরুল আজিমের বাড়িতে কামানের গোলাসদৃশ তিনটি বস্তু পাওয়া যায়। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং পুরো এলাকা নিরাপত্তার আওতায় আনে।
পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল টিমকে জানানো হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়।
পরিদর্শক (নিরস্ত্র) মোসাদ্দেক কায়সারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি কামানের গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেছেন, বোমা নিষ্ক্রিয় ও ধ্বংসের পুরো কার্যক্রম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেছেন, কামানের গোলার মতো বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। বিশেষজ্ঞ দলের মাধ্যমে সেগুলো নিরাপদে ধ্বংস করায় এখন স্বস্তি ফিরে এসেছে।