Image description

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আপত্তির বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে বলা হয়, আওয়ামী লীগ সরকার ও দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা এবং প্রতিবেদনের কিছু তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এর জবাবে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই এবং সংস্থাটি ওই প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা রাখে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহিংসতা নিয়ে তদন্তের পর এই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, সদস্য রাষ্ট্র থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। এ ক্ষেত্রে জনগণের অর্থ যাতে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে।

শীর্ষনিউজ