নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে মিলন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হামলাকারী মা-ছেলেকে আটক করেছে।
নিহত মিলন মিয়া দলপা গ্রামের মৃত আমজুদ আলীর ছেলে। আটক দুজন হলেন, একই গ্রামের হাবিয়া বেগম ও তার ছেলে ইমন মিয়া। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমন দুই হাজার টাকা পান মিলন মিয়ার কাছে। ইমন ও তার মা মিলনের বাড়িতে গিয়ে পাওনা টাকা দেওয়ার জন্য চাপ দেন। হাতে টাকা না থাকায় মিলন মিয়া সময় দিতে বলেন। কিন্তু ইমন টাকা না দিলে যাবেন না বলে জানালে দুজনের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় ইমন হাতে থাকা দা দিয়ে মিলনকে কুপিয়ে জখম করেন। মিলন মিয়াকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত মহল্লাবাসী অভিযুক্ত ইমন এবং তার মাকে ঘটনাস্থল থেকেই আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা ও ছেলেকে হেফাজতে নেয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করে। নিহতের লাশ নেত্রকোনা সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।