যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। যদিও এনসিপির এমন দাবিকে মিথ্যা বলেছে পুলিশ।
বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে কিছু উঠতি বয়সী যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে এনসিপি।
এক বিবৃতিতে দলটি জানিয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এতে তাদের দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বে বুধবার দুপুরে তারা সীমান্ত পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুর পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে দুটি গাড়িতে করে তারা বেনাপোল বাজারে পৌঁছালে হামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। এ ধরনের কোনো হামলা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ মিথ্যা।