রাজশাহীতে একটি ওভারপাসের ওপর মোটরসাইকেল পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (৩ জুন) বিকেলে নগরীর মেহেরচণ্ডী এলাকায় আরডিএ ওভারপাসে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওভারপাসের মাঝখানে দাঁড় করানো একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। ধীরে ধীরে আগুনে পুরো মোটরসাইকেলটি পুড়ে যায়। আরেকটি ভিডিওতে এক ব্যক্তিকে এক বালতি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক নিজেই তার মোটরসাইকেলে আগুন দিয়েছেন। স্থানীয়দের দাবি, প্রেমিকার সঙ্গে অভিমান করে তিনি এ কাজ করেছেন। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে মোটরসাইকেলটির মালিক কে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোটরসাইকেলের মালিককে পাওয়া যায়নি। তার পরিচয়ও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে প্রেমিক-প্রেমিকা সংক্রান্ত একটি ঘটনার কথা শোনা গেছে। তবে বিষয়টি নিশ্চিত নয়।