Image description

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন সদর দপ্তর ভবনে উদ্বোধনের আগেই একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। চট্টগ্রাম নগরের সার্সন রোডের জয় পাহাড় এলাকায় নির্মিত পাঁচতলা ভবনটির ফাটল পুটিং ও প্লাস্টার দিয়ে দ্রুত মেরামত করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের মতে, নির্মাণশ্রমিকরা তাড়াহুড়া করে ফাটল মেরামতের কাজ করছেন। ভবনের কয়েকটি দেয়ালে ফাটল দেখা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এতে নির্মাণের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে প্রকল্প সংশ্লিষ্টরা বিষয়টিকে বড় কোনো সমস্যা হিসেবে মানতে নারাজ। বিপিসির নতুন সদর দপ্তর নির্মাণ প্রকল্পের পরিচালক ও সংস্থাটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আপেল মামুন বলেন, এগুলো বড় ধরনের ফাটল নয়। নির্মাণকাজ চলাকালে ছোটখাটো ফাটল দেখা দিতে পারে এবং সেগুলো পুটিং ও প্লাস্টার দিয়ে মেরামত করা হচ্ছে। ভবনের মান নিয়ে কোনো সমস্যা নেই বলেও তিনি দাবি করেন।

বিপিসি সূত্রে জানা যায়, ১৯৯০ সাল থেকে চট্টগ্রামে ভাড়া ভবনে সদর দপ্তর পরিচালনা করে আসছে সংস্থাটি। প্রথমে আগ্রাবাদের হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবন এবং পরে ২০০১ সাল থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ভবন থেকে কার্যক্রম চালানো হচ্ছে।

দীর্ঘ সময় পর নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেয় বিপিসি। গত বছর জয় পাহাড় এলাকায় স্টিল স্ট্রাকচারের এই পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়, যা শেষ পর্যায়ে রয়েছে। এর নির্মাণকাজের দায়িত্ব পায় ইউনাইটেড করপোরেশন।

বর্তমানে ভবনের উদ্বোধনের প্রস্তুতি চলছিল। আগামী কয়েক দিনের মধ্যেই এটি উদ্বোধনের কথা রয়েছে। নতুন ভবনটি চালু হলে বিপিসির প্রায় ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী সেখানে কাজ করবেন। বিপিসি বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করে এবং পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের মাধ্যমে বাজারজাত করা হয়।

শীর্ষনিউজ