Image description

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ায়ী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানায় হওয়া আরও ছয়টি মামলায় তার জামিন বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একই বেঞ্চ। সেসব মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

দীপু মনির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. রমজান আলী শিকদার। তিনি আগামীর সময়কে বলেছেন, ‘দীপু মনির বিরুদ্ধে মোট ৬০ থেকে ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একটি মামলায় জামিন মঞ্জুর করেছেন, এবং বাকি ছয়টিতে কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।’

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি।

দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।