মেহেরপুর সদরের পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকালে বাড়ির প্রধান ফটকের সামনে এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে। খবর পেয়ে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘তুই ভালো মন্দ খেয়ে নে, তোর সময় শেষ। তোর মাথা বটতলাই বটগাছে ঝুলিয়ে রাখব। তুইসহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়ব না। না, নক, না, সময় শেষ। রেডি হ।’
লস্কর আলী দাবি করেন, তার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ নেই। রাজনৈতিক কারণেই দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়েছে বলে তিনি মনে করেন।
প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অন্যথায় তিনি ও এলাকার অনেক মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক গজ সাদা কাফনের কাপড়, আগরবাতি, গোলাপ জল এবং হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে।
এদিকে, মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে হুমকি দেওয়ার ঘটনা বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত এমন কোনো ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে জেলার বিভিন্ন এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।