Image description

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগে থানায় জিডি করা হয়েছে। বুধবার দুপুরে বুড়িচং থানায় জিডি করেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু।

 

জানা গেছে, সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভুয়া পেজের মাধ্যমে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। বিষয়টি নজরে আসার পর অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ হিসেবে থানায় জিডি দায়ের করেন একেএম সাইফুল ইসলাম টিপু। এছাড়া বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া থানায় আরো দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে ।

সাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এবং সাংবাদিক গিয়াস উদ্দিনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি তাকেও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। ফেক আইডি ব্যবহার করে প্রচারিত এসব তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও তিনি দাবি করেন।

সাইফুল ইসলাম টিপু আরো বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এমপি জসিম উদ্দিনের মিডিয়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনসম্পৃক্ত কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচির সংবাদ প্রচার করছি। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে এমপি জসিম উদ্দিন এবং আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, “প্রচারিত এসব তথ্যের কোনো ভিত্তি নেই। ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের মিথ্যাচার সাংবাদিকতার নীতিমালা ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।

তিনি উল্লেখ করেন, ‘সত্য প্রকাশের পথ কখনো থেমে থাকে না। অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে জনমানুষের আস্থা নষ্ট করা যাবে না। আমরা এসব অপচেষ্টার বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব।

এদিকে, ঘটনার পর স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ।