Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে শিশুদের একটি বর্ণমালা শিক্ষার বইয়ের ছবি শেয়ার করা হয়েছে, যেখানে লেখা,  “গ-তে গান বাজনা ভাল নয়”।

পোস্টটি দেখুন এখানে

ছবিটি শেয়ার করে পোস্টে বলা হয়, কোনো অনুমোদন বা নির্দিষ্ট প্রকাশনা ছাড়াই এক শ্রেণীর হকার বাস, ট্রেন ও লঞ্চে এসব বই বিক্রি করছে। এর মাধ্যমে শিশুদের মনে "গান-বাজনা খারাপ" বা "ছবি আঁকা পাপ"—এমন উগ্রবাদী বা 'তালেবানি' চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

পোস্টে এর জন্য বর্তমান বিএনপি সরকারকে দায়ী করে বলা হয়, জনগণের অংশগ্রহণ ছাড়া ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপির জন্ম সেনানিবাসে এবং তাদের হাত ধরেই জামায়াত পুনর্বাসিত হয়েছে। এই দুই দলের রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা একটি নেটওয়ার্কই পরিকল্পিতভাবে শিশুদের পাঠ্যক্রমে এমন উগ্রবাদী ধারণা যুক্ত করছে।

কিন্তু যাচাই করে দেখা গেছে, বিএনপি ক্ষমতায় আসার পর নয় বরং আওয়ামীলীগ আমল থেকেই এধরনের বইয়ের অস্তিত্ব পাওয়া গেছে। 

বইয়ের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের করা একই ধরনের ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ছবিটি পোস্ট করা হয়েছিলো ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি অর্থাৎ আওয়ামীলীগের আমলে। পোস্টটি দেখুন এখানে

এছাড়াও সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত এই বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটিও প্রকাশিত হয়েছিলো ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি অর্থাৎ আওয়ামীলীগের আমলে।

“গান বাজনা ভালো নয়, ছবি আঁকা ভালো নয়?” শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, “গান বাজনা ভালো নয়? একটি শিশুশিক্ষা বইয়ে শিশুদের এমনই শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু গান নয়, ছবি আঁকাও ভালো নয় বলে উল্লেখ করা হয়েছে। ওই বইয়ে ছন্দসহ লেখা হয়েছে এভাবেই- গ-তে গান বাজনা ভালো নয়, ছ-তে ছবি আঁকা ভালো নয়।”