Image description

বিদেশে কর্মী পাঠানোর খাতে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “সিন্ডিকেটমুক্ত করা আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, তাহলে চলে যাব। প্রথম দিন থেকেই বলে আসছি, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স।”

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তবে ওই সফরে শ্রমবাজার সংক্রান্ত নতুন কোনো সমঝোতা স্মারক সই হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রবাসীদের জন্য একটি সমন্বিত ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি চালু হলে আলাদা বিএমইটি কার্ডের প্রয়োজন হবে না এবং একটি কার্ডের মাধ্যমেই সব সুবিধা পাওয়া যাবে।

তিনি বলেন, প্রতারণামূলকভাবে বিদেশে কর্মী পাঠানো এবং সংশ্লিষ্ট অনিয়মের সঙ্গে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি রাশিয়ায় থাকা ৩০ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

শীর্ষনিউজ