Image description

সাগর-রুনি হত্যা মামলার সর্বশেষ অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিহত সাংবাদিক দম্পতির একমাত্র সন্তান মেঘ।

আজ বুধবার (৩ জুন) দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসেন মেঘ। তার সঙ্গে ছিলেন মামলার বাদী ও নিহত মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলী রোমান। এ সময় মামলার তদন্ত ও অগ্রগতি নিয়ে তারা হতাশা প্রকাশ করেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ঘটনার সময় যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের অনেকের হদিস পাওয়া যাচ্ছে না। তবে ইতোমধ্যে মামলাটি তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি আরও জানান, টাস্কফোর্স মামলার সব দিক নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মেঘের বিচার সংক্রান্ত উদ্বেগ তদন্ত কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার শেরেবাংলা নগর থানার অন্তর্গত বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান মামলা দায়ের করেন।

শীর্ষনিউজ