Image description

বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বান্ধবীর বাবার বিরুদ্ধে। ওই ছাত্রী বর্তমানে চার মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা বলে আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে গত ১২ ফেব্রুয়ারি সকালে ধর্ষণের ঘটনাটি ঘটে। ১২ বছর বয়সি ওই ছাত্রী প্রতিবেশী বান্ধবীর খোঁজে তাদের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই বান্ধবীর বাবা (৩৫) তাকে জোর করে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হলে শিশুটি ঘটনাটি গোপন রাখে।

 

ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা বলেন, গত ২৪ মে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে তার মা বিষয়টি জানতে চান। তখন শিশুটি ঘটনা খুলে বলে। পরে তাকে নন্দীগ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় চার মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য পাওয়া যায়।

 

পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শুরু করেছেন থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

 

নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।