Image description

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে এই বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা ও অনন্য কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এই গৌরবময় অর্জন। সংশ্লিষ্ট মহলের দৃঢ় বিশ্বাস, নতুন এই গুরুদায়িত্বে তিনি অত্যন্ত নিষ্ঠা ও গৌরবের সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।’

আরও বলা হয়, ‘একই সঙ্গে বহুপাক্ষিক ও বৈশ্বিক অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে সংযোগ স্থাপন, কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বাংলাদেশের জন্য অনন্য মর্যাদাবহ এই নতুন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীন সাফল্য ও কল্যাণ কামনা করা হয়েছে।’

সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। আজ জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে ৯৯টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানকে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কাকোরিসের পক্ষে ভোট পড়েছে ৯১টি। এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশের প্রতিনিধি বসছেন দ্বিতীয়বারের মতো।

চল্লিশ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।