পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নেতৃত্ব কে পাবেন, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারণী সূত্র জানায়, আগামী ৭ জুন জাতীয় বাজেট অধিবেশনের আগেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং প্রশাসনিক সমন্বয় অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের নেতৃত্বে দীর্ঘ সময় শূন্যতা রাখা সরকারের জন্য বাস্তবসম্মত নয়।
সরকারি সূত্রগুলো বলছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং জাতিগত সম্প্রীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাজপুত্র সাচিং প্রু জেরীকে অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তিনি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে তিনি পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং বান্দরবান জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীপেন দেওয়ানের পদত্যাগের ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ ‘ট্রানজিশন পিরিয়ড’ সৃষ্টি হয়েছে। এই সময়ে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা সরকারের জন্য অত্যন্ত জরুরি। কারণ পার্বত্য অঞ্চলে চলমান অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন অনেকাংশেই মন্ত্রণালয়ের কার্যকর নেতৃত্বের ওপর নির্ভরশীল।
তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন, মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ, প্রশাসনিক দক্ষতা, আঞ্চলিক ভারসাম্য এবং সরকারের সামগ্রিক নীতিগত অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও নেতৃত্ব পরিবর্তন নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। স্থানীয়দের একাংশ মনে করছেন, নতুন নেতৃত্ব এলে চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসতে পারে। অন্যদিকে অনেকেই প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
নীতিনির্ধারণী মহলের একটি সূত্র জানায়, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ এবং নিরাপত্তা খাতের চলমান প্রকল্পগুলো যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই খুব শিগগিরই এ বিষয়ে একটি প্রশাসনিক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কেউ এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেও ব্যাখ্যা করছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্ব পরিবর্তন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত বিষয়। কারণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় রক্ষার মতো স্পর্শকাতর বিষয়ও এর সঙ্গে জড়িত। ফলে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত সরকারের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।