স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ব্যাটারিচালিত রিকশা মহানগর (মেট্রো) এলাকার বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলছে। এতে নতুন করে বেকার হবে না, ট্রাফিক ব্যবস্থারও উন্নতি হবে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একই সময়ে ঢাকায় লাখ লাখ অটোরিকশা চললে যানজট কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব?
সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে রাতারাতি হাজার হাজার অটোরিকশা (ব্যাটারিচালিত রিকশা) রাস্তায় নেমে গেছে। বেকারত্ব এবং মানবিক দিক বিবেচনা করে তাদের রাতারাতি উচ্ছেদ করা কঠিন। অন্তর্বর্তী সরকারের সময়েও অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল।
যেহেতু বেকার সমস্যা বেশি, তাই অটোরিকশাচালকদের পুনর্বাসন না করে রাতারাতি বেকার করে দিলে সমস্যা সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।
মন্ত্রী বলেন, সেজন্য সরকার চেষ্টা করছে তাদের মহানগর এলাকার বাইরে অন্যভাবে পুনর্বাসন করতে; যাতে বেকারত্ব তৈরি না হয়, ট্রাফিকেরও কোনো সমস্যা না হয়। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি ব্যবহার করায় ঢাকার যানজট নিরসনে ‘বৈপ্লবিক পরিবর্তনের’ কথা উল্লেখ করেন তিনি।
এআই প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণের অটোমেশনের (স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা) সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) বিশেষজ্ঞদের সমন্বয়ে এই প্রযুক্তি তৈরি করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতের বেলায়ও চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রবণতা বেড়েছে। ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয় মামলা হওয়ার কারণে জনসচেতনতা বেড়েছে।