কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় অনুপস্থিত চিকিৎসকদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে এমপি হাসনাত আবদুল্লাহ হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।
পরিদর্শনে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্বে অনুপস্থিত পাওয়া যায়। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের সেবার মান নিয়েও খোঁজ নেন।
অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।
পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে এবং তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সন্তোষজনক ব্যাখ্যা না পেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ