Image description

ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতা কর্মীদের সাথে বিভিন্ন মঞ্চে থাকা হাসিবুল হোসেন লিটন নামের এক যুবলীগ নেতা ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেপ্তার হয়েছেন।

আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা হাসিবুল হোসেন লিটন ধামরাই উপজেলার যাদবপুর গ্রামের ফয়েজ মোল্লার ছেলে।

 

ধামরাই ২

 

 

জানা যায়, লিটন প্রয়াত আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদের ঘনিষ্ঠ আত্মীয় । লিটন মিরপুর বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। বর্তমানে বেসরকারি একটি ব্যাংকে চাকুরি করেন। ব্যাংকের চাকরি তোফায়েল আহমেদের সহযোগিতায় পেয়েছিলেন।

 

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশার সাথে বিভিন্ন অনুষ্ঠানে একই মঞ্চে যুবলীগের এই নেতা উপস্থিত ছিলেন ৷ তাদের দাবি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া নেতা কর্মীরা মূল্যায়ন না পেলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সুবিধা নিয়ে বিত্তশালী হয়েছে যারা তাদেরই সুবিধা দিচ্ছে তারা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশা মিয়ার সাথে যুবলীগ নেতার মঞ্চে উপস্থিতি ।

 

এ বিষয়ে যাদবপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশার সাথে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করা হলে সে ফোন ধরেনি ।

 

ধামরাই উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, এবিষয়ে আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।