Image description

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সোমবার সন্ধ্যায় আয়োজিত কর্মসূচিতে সরকারের সমালোচনা করে সংগঠনটির নেতারা তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

সন্ধ্যা ৭টায় বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। কর্মসূচিতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে তারিকুল ইসলাম অভিযোগ করেন, ‘সরকার কথা দিয়েছিল তেলের দাম বাড়াবে না। অথচ দেশের মানুষ যখন ঈদ আনন্দে ব্যস্ত তখন রাতের আঁধারে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। জ্বালানি তেলের দাম বাড়ালে সকল নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এখন আমাদের প্রশ্ন, এই সরকার কি জনসাধারণের কথা একবারও ভাববে না?’

তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার গুলশান-বনানীর সরকার। তারা উচ্চবিত্ত মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। জনসাধারণের কথা চিন্তা করে না। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে ভোগান্তিতে ফেলছে।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারিকুল ইসলাম উল্লেখ করেন, জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে সরকার জনসংযোগ কার্যক্রমে বেশি মনোযোগ দিচ্ছে। তার ভাষ্য, ‘সরকার যতদিন জনগণের পক্ষে কাজ করবে, আমরা বলব বিএনপি সরকার বারবার দরকার। যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।’

ইসলামী ব্যাংক ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উচিত সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। ইসলামী ব্যাংক নিয়ে সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

‘পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো তারা ইসলামী ব্যাংক দখল করেছে। আজ প্রতিবাদকারীদের ওপর হামলা প্রমাণ করেছে তারা এই দেশে বিএনপি বাদে আর কাউকে চায় না। তারা চায় বিগত সরকারের মতো গৃহপালিত বিরোধী দল। জনগণ আর গৃহপালিত বিরোধী দল দেখতে চায় না।’

এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।