জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানোর প্রতিবাদে যশোরে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে শহরে মোটরসাইকেল ঠেলে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল অভিযোগ করেন, পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তিনি সরকারের এই সিদ্ধান্তকে গণবিরোধী বলে উল্লেখ করে বলেন, পরিস্থিতির পরিবর্তন না হলে আরও বৃহত্তর আন্দোলন, এমনকি গণ-অভ্যুত্থানের ডাক আসতে পারে।
বিক্ষোভ মিছিলটি শহরের চিত্রারমোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোটরসাইকেল রেখে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমান সঞ্চালনা করেন। এতে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।